কাতালানিয়ার ঐতিহাসিক ফুটবল ক্লাব UE Cornellà-এর মালিকানা কিনেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা Lionel Messi। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। FC Barcelona-র সঙ্গে নিজের আজীবন আত্মিক সম্পর্ক এবং স্থানীয় প্রতিভা বিকাশের লক্ষ্যেই মেসির এই উদ্যোগ।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি স্পেনের তরুণ প্রতিভা গড়ে তোলার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এই ক্লাবের একাডেমি থেকে উঠে এসেছেন অনেক পরিচিত ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন Jordi Alba, Javi Puado, David Raya এবং Gerard Martín।
তৃণমূল ফুটবলে কাজ করার আগ্রহ দীর্ঘদিন ধরেই প্রকাশ করে আসছেন মেসি। গত ডিসেম্বরে মিয়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের ‘মেসি কাপ’ আয়োজনের মাধ্যমে তিনি সেই আগ্রহের বাস্তব প্রমাণ দেন। এবার একটি ক্লাব কিনে নেওয়ার মাধ্যমে তরুণ প্রতিভা বিকাশের পরিকল্পনাকে আরও এগিয়ে নিলেন তিনি।
মেসির এই প্রকল্পের মূল লক্ষ্য স্থায়িত্ব ও উচ্চাশার সমন্বয়ে শিকড়ের সঙ্গে সংযোগ রেখে ক্লাবটিকে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোয় গড়ে তোলা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দূরদর্শিতা ইউই কর্নেল্লার ক্রীড়া ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনবে। তাঁর আগমনে ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

