Sunday, November 8

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
বাংলাদেশ নৌবাহিনীর পৃথক দুই অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
একই দিনে শাহ্ পরীর দ্বীপ এলাকায় পৃথক আরেকটি অভিযানে নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং ১১ হাজার মিয়ানমারের মুদ্রা (কিয়াত) উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশের উপকূলীয় অঞ্চলকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
23 − 14 =