Sunday, November 8

ডেস্ক রিপোর্ট:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শনের পর সেতুটির ঢালাই ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) এ বিষয়ে একটি সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি তদন্তে নামে। উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঢালাইয়ের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় সেতুর ঢালাই ভেঙে সরকারি নিয়ম মেনে নতুন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তিনি অনিয়মের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেতুটির মূল কাঠামো আগের অর্থবছরে নির্মিত হলেও চলতি বছর ঢালাইয়ের জন্য কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন ছিল না। স্থানীয় এক ইউপি সদস্য নিজ উদ্যোগে কাজটি করেছেন।

প্রশাসনের দাবি, বাঁশ ব্যবহারের কারণে সেতুটি মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে নতুন করে কাজ করা হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢালাইয়ের সময় বাধা দেওয়া হলে পরে কিছু রড এনে কাজ চালানো হয়। এমনকি সিমেন্টের ঘাটতি থাকায় এলাকাবাসীর কাছ থেকে সিমেন্ট সংগ্রহ করে কাজ শেষ করা হয়েছে।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি প্রকাশের পর প্রশাসন তদন্তে নেমে অনিয়মের সত্যতা পায়।

Leave A Reply


Math Captcha
25 + = 26