ঢাকা, ১৪ এপ্রিল — রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এসে শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
বরাবরের মতো এবারও শোভাযাত্রায় বিশ্ব ও দেশীয় নানা ইস্যুর প্রতিফলন দেখা গেছে। এর মধ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড সবার দৃষ্টি আকর্ষণ করে।
চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসব প্ল্যাকার্ডে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক নানা বিষয় উঠে আসে। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান শোভাযাত্রায় দেখা যায়। 🌍✊
শোভাযাত্রার পুরো সময়জুড়ে ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পরিবেশ। ঐতিহ্যবাহী এই আয়োজন সঙ্গীত ও রঙের মেলবন্ধনে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। 🎶🎨
নববর্ষ উপলক্ষ্যে চারুকলা অনুষদে সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

