Sunday, November 8

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি–র নিয়ন্ত্রণ বর্তমানে ইরান–এর হাতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার হাজী বাবেই। তিনি বলেন, এই সামুদ্রিক পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অবশ্যই ইরানি রিয়ালে টোল পরিশোধ করতে হবে।

বার্তাসংস্থা মেহের নিউজকে দেওয়া বক্তব্যে হাজী বাবেই বলেন, হরমুজ ইরানের ‘রেডলাইন’। তার দাবি, প্রণালিটির পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে এবং টোল ইরানি রিয়ালেই দিতে হবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র–এর সেনাবাহিনী সেখানে স্থাপিত মাইন অপসারণ শুরু করেছে।

তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সতর্ক করে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ অতিক্রমের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ অতিক্রম করেছে এবং সেগুলো মাইন অপসারণে অংশ নেবে। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রণালি পার হতে পারেনি; একটি জাহাজ চেষ্টা করলেও সতর্কবার্তার পর পিছু হটে।

Leave A Reply


Math Captcha
61 − = 56