Sunday, November 8

বিবর্ণ লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে। গোলের ব্যবধান কম হলেও পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল ফরাসি জায়ান্টদের। একের পর এক আক্রমণে আর্নে স্লটের দলকে চাপে রাখে স্বাগতিকরা। ব্যবধান আরও বড় হতে পারত, তবে শেষ পর্যন্ত দুই গোলেই এগিয়ে থাকে পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে স্বাগতিকদের হয়ে গোল করেন দেজিরে দুয়ে ও খিচা কাভারৎস্খেলিয়া। ম্যাচে ৭৪ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ১৮টি শট নেয় পিএসজি, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে লিভারপুল নেয় মাত্র তিনটি শট, যার একটিও লক্ষ্যে ছিল না। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

খেলার শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পিএসজি। ১১ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। উসমান দেম্বেলে বল হারালেও সুযোগ পেয়ে উঁচু শটে জালে জড়ান দেজিরে দুয়ে। এরপর কাভারৎস্খেলিয়া ও দুয়ের একাধিক প্রচেষ্টা রুখে দেন লিভারপুল গোলরক্ষক জিওরজি মামারদাশভিলি। দেম্বেলেও লিড দ্বিগুণের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন।

বিরতির পর লিভারপুল প্রথম শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি হুগো একিতিকে। ৬৫ মিনিটে জোয়াও নেভেসের রক্ষণচেরা পাস থেকে কাভারৎস্খেলিয়া ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল লিভারপুল। এর আগে প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে ২-১ গোলে হারার পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল অলরেডরা।

Leave A Reply


Math Captcha
9 + 1 =