চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপসভিত্তিক নতুন কার্যক্রম শুরু হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হতে যাওয়া এ উদ্যোগের আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হবে।
নতুন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পেট্রোল পাম্প মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় অ্যাপের মাধ্যমে তেল বিক্রির প্রক্রিয়া, গ্রাহক নিবন্ধন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও পাম্প মালিকরা আশা প্রকাশ করেন, ডিজিটাল পদ্ধতি চালুর ফলে গ্রাহকরা সহজে সেবা পাবেন এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরবে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, এ উদ্যোগের মাধ্যমে তেল বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি গ্রাহকরা নির্ধারিত নিয়মে স্বচ্ছভাবে জ্বালানি ক্রয় করতে পারবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলে তেল নেওয়ার সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অ্যাপের মাধ্যমে নথিপত্র যাচাই করা হবে এবং প্রতিটি বাইকের বিপরীতে তেলের পরিমাণ কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষিত থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার তেল সরবরাহ করা হবে। একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিনের মধ্যে জেলার অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নিয়ম ভঙ্গের চেষ্টা করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল অ্যাপে ব্লক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল বিক্রি শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স ও বৈধ রেজিস্ট্রেশন ছাড়া পাম্পে না আসার অনুরোধ জানানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে এবং কালোবাজারি রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক ব্যবস্থার মাধ্যমে গ্রাহক ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

