Sunday, November 8

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন দেশটির স্পিকার মিল্টন ডিক। সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলীয় প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তারা জাতীয় সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলাপ হয়েছে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Leave A Reply


Math Captcha
66 + = 76