Sunday, November 8

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা ব্যক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এ মামলায় সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ, যার নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। জাতিসংঘের প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে। তিনি জানান, মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, মামলার তদন্তে আমরা সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ পেয়েছি। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। কাঙ্ক্ষিত রায় পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী, কারণ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি।

মামলায় ৩০ জন আসামি থাকায় মামলা দুর্বল হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সংখ্যা বেশি বা কম হওয়ার সঙ্গে মামলার শক্তি-দুর্বলতার কোনো সম্পর্ক নেই। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই বিচারের মুখোমুখি হবেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার আছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

Leave A Reply


Math Captcha
35 + = 38