ভোলায় বিবি সাওদা (৩৭) নামে জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা)। রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ক্ষণিকালয় নামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার সন্ধ্যায় শহরের ওয়েস্টার্নপাড়ায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা। লিখিত বক্তব্যে জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশের সুযোগ থাকার কথা থাকলেও এ গ্রেপ্তার সেই প্রত্যাশার পরিপন্থি।
তিনি আরও বলেন, বিবি সাওদার তিন বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি প্রয়োজন। পরিবারের অনুরোধ সত্ত্বেও বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা আমির মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশের দাবি, বিবি সাওদা তার ফেসবুক আইডি ‘Sawoda Sumi’ থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এসব পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রীয় বিষয়ে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, তিনি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত। বিষয়টি তদন্তাধীন থাকায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়।

