ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার পর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
গত রোববার জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তিনি কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
বহিষ্কারের পর এক ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম বলেন, অনেকেই না বুঝে মন্তব্য করছেন। তাকে বিবেচনা করেই কমিটিতে যুক্ত করা হয়েছিল এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই এই দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, যার যে যোগ্যতা আছে সে সেই অনুযায়ী কাজ করতে পারবে—সে ছেলে না মেয়ে, সেটি বড় বিষয় নয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে প্রথমে পাঁচ সদস্যের কমিটি ছিল, পরে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অভিযোগ রয়েছে, কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজের লিঙ্গ পরিচয় গোপন করে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। পরে জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

