Sunday, November 8

নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) এবং মাহিদুল শেখ (৩৫)।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণপদ আর্চয্য একই গ্রামের মৃত সন্তোষ আর্চয্যের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ আর্চয্য কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। তারা তাকে মাথা, হাত ও পায়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ আর্চয্য জানান, মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এর জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave A Reply


Math Captcha
5 + 5 =