Sunday, November 8

জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড কীভাবে আরও বিস্তৃত করা যায় এবং দ্রুত কাউন্সিল আয়োজনের দিকে এগোনো যায়—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, খুব শিগগিরই কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

কবে নাগাদ কাউন্সিল হতে পারে—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রস্তুতির জন্য ন্যূনতম কয়েক মাস সময় লাগবে। এরপর কাউন্সিলের সময় নির্ধারণ করা হবে।

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে গুলশানের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়, যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম ও জাতীয় কাউন্সিল আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকারের ৪৭ দিনের কর্মসূচি সম্পর্কেও স্থায়ী কমিটির সদস্যদের মতামত নেওয়া হয়েছে এবং সদস্যরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Leave A Reply


Math Captcha
37 − = 31