জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় জুঁই এন্টারপ্রাইজে রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় জ্বালানি তেল সরবরাহ করা হবে—এমন খবর ছড়িয়ে পড়ার পর মধ্যরাত থেকেই দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন মোটরসাইকেল চালকরা। তেলের নাগাল পেতে অনেকে আবার মোটরসাইকেল লাইনে রেখে পাশের গেস্ট হাউজে রাত কাটাচ্ছেন।
শনিবার (৪ এপ্রিল) রাতে সরেজমিনে দেখা যায়, জুঁই এন্টারপ্রাইজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য মোটরসাইকেল। অনেক চালক সন্ধ্যার পর থেকেই লাইনে অবস্থান নিয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করায় ক্লান্তি দেখা দিলেও তেল পাওয়ার আশায় লাইনে থাকছেন তারা।
চালকদের কেউ কেউ জানান, দিনের বেলা লাইনে দাঁড়িয়ে থাকলে কাজ করা সম্ভব হয় না। তাই ঝুঁকি এড়াতে রাতেই লাইনে দাঁড়িয়েছেন। আবার কেউ মোটরসাইকেল রেখে ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে গেস্ট হাউজে ঘুমাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্প ও দোকানের সামনে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে বলে জানান তারা।
লাইনে দাঁড়ানো খোকন নামের এক চালক বলেন, বাজারে জ্বালানি তেলের সংকট নিয়ে গুঞ্জন রয়েছে। তাই সকালে তেল দেওয়া হবে শুনেই কোনো ঝুঁকি না নিয়ে রাতেই লাইনে দাঁড়িয়েছি।
রাত ৯টার দিকে ফাহিম নামের এক চাকরিজীবী বলেন, ‘মার্কেটিংয়ের কাজ করি। সারাদিন মোটরসাইকেলে ঘুরতে হয়। সকালে লাইনে দাঁড়ালে তেল পেতে দেরি হয়ে যাবে। তাই গাড়ি লাইনে রেখে পাশের গেস্ট হাউজে ২৫০ টাকায় রুম নিয়েছি।’
জুঁই এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ১০টা থেকে নিয়ম অনুযায়ী তেল সরবরাহ শুরু হবে। নির্ধারিত সময়ের আগে তেল দিলে হঠাৎ করে ভিড় বাড়বে এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এছাড়া প্রশাসনের নির্দেশনাও রয়েছে বলে তারা জানান।

