নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে রুমিন ফারহানা জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি বিষয়টির বিচার দাবি করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সংসদে উপস্থিত তিনজন নারী সদস্যকে নিয়ে কুৎসিত ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে এবং বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
রুমিন ফারহানা বলেন, সংশ্লিষ্ট বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং এর বিচার হওয়া প্রয়োজন। তিনি স্পিকারের কাছে বিষয়টি তদন্তের আহ্বান জানান।
জবাবে স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালি অনুযায়ী সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না। তবে বিষয়টি তিনি লক্ষ্য করেছেন বলে উল্লেখ করেন।

