অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ-এর অধিবেশনে এ প্রতিবেদন উপস্থাপন করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।
কমিটির সুপারিশে বলা হয়েছে, বাতিলের তালিকায় থাকা ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ বিলুপ্ত হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজন হলে নতুন করে বিল আকারে সংসদে উপস্থাপন করতে পারবে। অন্যদিকে ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।
তবে প্রতিবেদনে কিছু বিষয়ে বিরোধী সদস্যরা ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি জানিয়েছেন। তাদের আপত্তির মধ্যে রয়েছে—অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ, সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ, বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ এবং স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।
সংসদীয় কমিটির এই প্রতিবেদন এখন হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে।

