শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুনভাবে সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য, জনগণের যোগাযোগ এবং বিশেষ করে মেডিকেল ভিসা সহজীকরণের জন্য ভিসা ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার গঠনের পর ভারত জানিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায়।
এদিকে লিবিয়ায় মানব পাচার প্রসঙ্গে তিনি বলেন, সরকার চায় বাংলাদেশিরা বৈধ পথে বিদেশে যাক। মানব পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। অসাধু চক্র লাভের আশায় মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে—এটি বন্ধ করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

