তাইজুল ইসলাম (৩০) কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত। এবারের মহান স্বাধীনতা দিবসে স্থানীয় বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও তাঁকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। 🎥
নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে ২৬ মার্চ মোবাইলে ভিডিওটি ধারণ করেন তিনি। এতে দোকানিকে সরকারি দরের সঙ্গে জিলাপির দাম মিলছে কি না—এমন প্রশ্ন করতে দেখা যায় তাঁকে। সরল ভাষা ও ভাঙা সংলাপ দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে। কয়েক দিনের মধ্যে ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৯ লাখে।
ভিডিও ভাইরাল হওয়ার আগে ‘তাজু ভাই ২.০’ পেজের অনুসারী ছিল প্রায় ছয় হাজার। বর্তমানে তা বেড়ে প্রায় তিন লাখে পৌঁছেছে। কেউ তাঁর উপস্থাপনাকে বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ ব্যঙ্গও করছেন।
তাইজুলের বাড়ি নারায়ণপুর ইউনিয়নর সরকারপাড়া গ্রামে। ছয় ভাই–বোনের সংসারে তিনি বড় এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাবের কারণে বিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি। সর্বশেষ রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন।
তাইজুল বলেন, অসুস্থ ও শ্রবণপ্রতিবন্ধী মা–বাবার কষ্ট ভুলতেই তিনি ভিডিও করেন। পাশাপাশি নিজের চরাঞ্চলের মানুষের দুঃখ–দুর্দশা তুলে ধরাও তাঁর উদ্দেশ্য। তিনি জানান, এলাকার খবর বাইরের মানুষের কাছে পৌঁছাতে চান তিনি।
প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, তাইজুলের ভিডিওতে বিনোদনের পাশাপাশি এলাকার উন্নয়নবঞ্চনার কথাও উঠে আসে। তাঁর ভাইরাল হওয়ায় এলাকাবাসী গর্বিত বলে জানান তিনি।

