Monday, November 9

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিপণনের অভিযোগে তেলবাহী লরি জব্দসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে আলমডাঙ্গা থানাধীন কয়রাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— তেলবাহী লরির চালক মো. আলী হোসেন (৫৩), হেলপার মো. মোজাম হোসেন (৪৫) ও মো. রাহেন আলী (২৮), এবং ব্যারেলে তেল গ্রহণকারী মো. টিটন আলী (৩৭)। এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে মো. টিটন আলীর দোকানে একটি তেলবাহী লরি থেকে ব্যারেলে জ্বালানি তেল আনলোড করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এ সময় লরি ও ব্যারেল মিলিয়ে মোট ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তবে জ্বালানি তেল মজুদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ তেল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর বলেন, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 2