Monday, November 9

জ্বালানি তেল পরিবহনের সময় তিন শ্রমিককে জেল ও জরিমানা করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন-এর শ্রমিকরা। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ম্যানেজার, চালক ও সহকারী চালককে মুক্তি এবং নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়াকে অপসারণের দাবি জানিয়েছেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর ২টায় রংপুরে ইউনিয়ন কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এদিকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর আওতাধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর ইনচার্জ মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শনিবার যমুনা কোম্পানি থেকে তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা হয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গাড়ির কেবিন খুলে কাজ করা হচ্ছিল। এ সময় এনডিসি নিয়াজ ভূঁইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ ও সহকারী চালক ইসতিয়াক ওরফে রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু বলেন, অবিলম্বে তিন শ্রমিককে মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ করতে হবে। তা না হলে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave A Reply


Math Captcha
42 − 41 =