Monday, November 9

বগুড়ার গাবতলী উপজেলায় একটি ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দুপাড়া) গ্রামের একটি স্যালোমেশিন ঘরের পাশের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ নিশিন্দারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ৯টার দিকে নিজস্ব স্যালোমেশিন ঘরে ঘুমাতে যান। রবিবার সকাল ৯টার দিকে তার ভাতিজা মাসুদ আলম মেশিন ঘরের পাশের ধানক্ষেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার ওসি মো. রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. রাকিব হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 65 = 71