দিনাজপুর-এর বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর শহর থেকে যাত্রী নিয়ে ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। অপর নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

