নড়াইল-এ পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাম্পের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া।
নিহত নাহিদ সর্দার (৩০) তুলারামপুর এলাকার মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন জিহাদুল ইসলাম।
পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে তেল না পেয়ে ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ট্রাকচাপার হুমকিও দেন।
পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাহিদ সর্দার ও জিহাদুল ইসলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে ট্রাকটি তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই নাহিদ সর্দার নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় জিহাদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যা। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

