Monday, November 9

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর জেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুই-তিন দিন আগে ইন্দ্রজিতের বাড়ি তানোর উপজেলায় বেড়াতে গিয়েছিলেন আব্দুল আজিজ। শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। পরে ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, কোনো অভিযোগ না থাকায় রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় ভাঙ্গুড়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
81 + = 82