জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে একজন নারী এবং দুপুর দেড়টার দিকে আরও দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন রকিবুল ইসলাম দুর্জয় (৩২), মিষ্টি সুভাষ (২৮) এবং তাহমিনা আক্তার (৪০)। প্রাথমিকভাবে তারা বাংলাদেশ আওয়ামী লীগ-এর কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘কার্যক্রম নিষিদ্ধ’ দল হিসেবে উল্লেখ করে সাদা কাগজে লেখা ব্যানার নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় তাদের আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ-এর ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে ফুল দিতে এসে স্লোগান দেওয়ায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

