ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নানে এসে অপর্ণা সূত্রধর (১১) নামে এক শিশু তিতাস নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শিশুটির কোনো সন্ধান পায়নি।
নিখোঁজ অপর্ণা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা অমৃত সূত্রধরর মেয়ে এবং খ্রিস্টিয়ান মিশন স্কুল-এর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর লিডার রাজা মিয়া জানান, গোকর্ণঘাট এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নানের সময় শিশুটি মায়ের সঙ্গে নদীতে নামার পর তলিয়ে যায়। প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়, পরে ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, অনেক চেষ্টা করেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কথা বলে বিকেলে অভিযান স্থগিত করা হয়েছে। প্রয়োজন হলে শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

