Monday, November 9

সুগন্ধা সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবির আজিজনগর এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

জেলা প্রশাসনের নিয়োজিত বিচ কর্মী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বন্ধু আরিফুল জানান, তারা সকালে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে গোসলে নামার পর এক পর্যায়ে আবির ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান।

প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে ওঠে। পরে সি-সেইফ লাইফগার্ড সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাইফগার্ড টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, নিরাপত্তা নির্দেশনা মানার জন্য বারবার সতর্ক করা হলেও অনেক পর্যটক তা উপেক্ষা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave A Reply


Math Captcha
31 − = 24