রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ বাসের চালক আরমান খান (৩১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আরমান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের বাসিন্দা এবং আরব খানের ছেলে। দুর্ঘটনার সময় বাসটি তিনিই চালাচ্ছিলেন বলে জানা গেছে।
আরমানের ফুপাতো ভাই জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে চালক নাকি পান খাওয়ার জন্য নেমে গেলে হেলপার বাস চালাচ্ছিল—এমন গুজব ছড়ানো হয়েছে। তবে তিনি বলেন, আরমান নিজেই বাস চালাচ্ছিলেন, নেমে গেলে তার মরদেহ বাসে কীভাবে পাওয়া যায়—এ প্রশ্নও তোলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘সৌহার্দ্য পরিবহন’-এর এক স্টাফ জানান, দুর্ঘটনায় পতিত বাসটির চালক ছিলেন আরমান এবং তার পেশাদার ড্রাইভিং লাইসেন্সও ছিল। তবে এ বিষয়ে পরিবহনের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

