রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে ২১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য জানা যায়। সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পদ্মা নদীতে পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী বের হতে পারলেও বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনী।
এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

