Monday, November 9

কুমিল্লার ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনার পর রেলপথে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার (২২ মার্চ) পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশের সব রেল লেভেল ক্রসিংয়ে পর্যায়ক্রমে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হবে। পাশাপাশি চালু করা হবে অটোমেটিক গেট সিস্টেম, যেখানে ট্রেন আসার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে গেট নেমে যাবে এবং গার্ডও দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের দুটি নির্দেশনা দিয়েছেন—একটি হলো সব লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস/ওভারপাস নির্মাণ, অন্যটি হলো অটোমেটিক গেট ব্যবস্থা চালু করা।”

প্রতিমন্ত্রী জানান, এই দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গার্ড ও স্টেশন মাস্টারের অবহেলা পাওয়া গেছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতদের পরিবারকে সহায়তার বিষয়ে তিনি জানান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে।

আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে তাদের ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এ সময় মো. আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অনেক জায়গায় অনুমোদন ছাড়া রেলক্রসিং তৈরি হয়েছে—এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় স্থানে গেটম্যান নিয়োগ দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট এলাকায় ওভারব্রিজ থাকা সত্ত্বেও বাসচালকরা সেটি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণ রেলক্রসিং ব্যবহার করেছেন, যা দুর্ঘটনার একটি কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

উপস্থিত কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেলপথে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।

Leave A Reply


Math Captcha
64 + = 65