Monday, November 9

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়েছে। রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয় তাদের।

আদালতে তোলার সময় ফয়সাল করিম মাসুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো ঘটনায় জড়িত নই।’ এর আগে তাকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হলেও সেখানে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে, গ্রেপ্তার দুইজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতের নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
74 − = 69