পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিত গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
তবে ঈদের আগের রাতে ঝড়-বৃষ্টির কারণে এবার মুসল্লিদের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। আবহাওয়া প্রতিকূল থাকায় জেলার বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও ছোট মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
২১.৯৯ একর জমির ওপর অবস্থিত ঐতিহাসিক এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত হয়ে আসছে। আধুনিক নির্মাণশৈলীতে বৃহৎ পরিসরে জামাত আয়োজন শুরু হয় ২০১৭ সাল থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মাঠে সমবেত হতে শুরু করেন। নির্ধারিত সময় সকাল ৯টায় নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।
নামাজ শেষে দেশ, জাতি, মধ্যপ্রাচ্য এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে ১৯৭১ ও ২০২৪ সালের শহীদ ও আহতদের জন্যও দোয়া করা হয়।
জামাত শুরুর আগে বক্তব্য দেন দিনাজপুর-সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা জজ মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
মুসল্লিরা জানান, সকাল ৯টায় জামাত হওয়ায় দূর-দূরান্ত থেকে অংশ নেওয়া সহজ হয়েছে। বড় পরিসরের এই জামাতে নামাজ আদায় করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
জামাতকে ঘিরে ছিল ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের জন্য ওজু, শৌচাগার ও মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়। পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

