Monday, November 9

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (২০ মার্চ) আগাম ঈদ উদযাপন করা হবে। আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হচ্ছে।

সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল-মাদানী।

এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী।

পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের সামান্য ব্যবধানে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও রমজানের রোজা পালন করে আসছেন। শুরুতে অংশগ্রহণ কম থাকলেও এখন দেশের প্রায় প্রতিটি জেলায় এই ধারার অনুসারী রয়েছে।

দরবার শরীফের মুসল্লি মোনায়েম হোসেন বলেন, আফগানিস্তান, মালি ও অন্যান্য স্থানে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাইয়ে সন্দেহজনক মনে হওয়ায় তা গ্রহণ করা হয়নি। সন্দেহের ভিত্তিতে রোজা ভেঙে ঈদ করা যায় না—এই বিবেচনায় ৩০ রমজান পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানি, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া উপজেলার কয়েকটি আংশিক গ্রাম।

উল্লেখ্য, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারীরা এখনো চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই ধারায় ধর্মীয় অনুশীলন করে আসছেন।

Leave A Reply


Math Captcha
65 − 62 =