সৌদি আরব–এ মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা–র প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে জালালপুর ইউনিয়ন–এর পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে সহায়তা নিয়ে পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
এ সময় তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকাহত স্বজনদের খোঁজখবর নেন। পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।
নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হচ্ছে। আপাতত পরিবার ও তার তিন সন্তানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শিগগিরই মরদেহ দেশে আনা হবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিহতের সন্তানদের লেখাপড়ার জন্য সরকার থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা দেওয়া হবে এবং পরিবারটিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তাদের বসবাসের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতিও আহ্বান জানান তিনি।
মন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমেরিকান স্থাপনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলতে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মো. জালাল উদ্দীন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সারওয়ার ভুঁইয়া, আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানা গেছে।

