পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশন-এ ঘরমুখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, বাড়ি ফেরা মানুষের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই ঢাকা ছাড়ছেন। ঈদের ছুটিতে গ্রামে গিয়ে স্বজনদের সঙ্গে সময় কাটানোর আনন্দে শিশুদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস।
পরিবারের সদস্যদের বাড়ির পথে এগিয়ে দিতে স্টেশনে এসেছিলেন শাহাদাৎ হোসাইন। তিনি বলেন, “অনলাইনে টিকিট কেটেছি। ভাগ্যক্রমে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। ট্রেনও ঠিক সময়েই ছেড়ে গেছে। পরিবার ঠিকমতো বাড়ি পৌঁছালেই নিশ্চিন্ত থাকব।”
অগ্নিবীণা এক্সপ্রেস-এর যাত্রী আব্দুল মান্নান বলেন, “বছরে দুইবার পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ নিয়ে বাড়ি যাই। তবে প্রতি ঈদে তা সম্ভব হয় না। অফিস থেকে এক ঈদের আগে আর অন্য ঈদের পরে ছুটি মেলে। এবার ঈদের আগেই ছুটি শেষ করে ফিরতে হবে।”
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর দেড়টার মধ্যে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া কয়েকটি আন্তনগর ট্রেন সময়মতো স্টেশন ত্যাগ করে। এর মধ্যে জয়ন্তীকা এক্সপ্রেস সকাল ১১টা ২০ মিনিটে এবং অগ্নিবীণা এক্সপ্রেস ১০ মিনিট পর ছেড়ে যায়। ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীও চোখে পড়েনি।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল-এ যাত্রীদের চাপ তুলনামূলক কম দেখা গেছে। কাউন্টারগুলোতে সহজেই টিকিট পাওয়া গেলেও অনেক যাত্রী অভিযোগ করেছেন, ঈদযাত্রার সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। যদিও বাস কাউন্টার সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।
এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, ঈদ সামনে রেখে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, বাস টার্মিনাল পরিদর্শনের মতো লোক দেখানো তৎপরতার বদলে কার্যকর নজরদারি বাড়ানো জরুরি। অনেক রুটে এসি বাসে দ্বিগুণ এবং নন-এসি বাসে দুই থেকে তিন গুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও ৮০ টাকার ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার, গুলিস্তান বাসস্ট্যান্ড এবং সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার এবারের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং মহাসড়কে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।

