Monday, November 9

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারতেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি চাইলে দ্রুত ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তা করা হয়নি।

সম্প্রতি ‘চরচার’ নামের এক টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মামুন মাহবুব বলেন, ‘জুলাই আন্দোলনে আহত কিছু মানুষ ড. ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে অভিমান করে বলেছিলেন, দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের লোকজন রয়েছে। তখন তিনি সরকারপ্রধান হিসেবে বলতে পারতেন যে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেটি না বলে তিনি চট্টগ্রামের ভাষায় বলেন—শুধু সরকারে নয়, তোমার গ্রামেও তো আছে।’

তিনি দাবি করেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি যেন ইঙ্গিত করেছেন যে স্থানীয় পর্যায়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনাও ঠিক হয়নি বলে মন্তব্য করেন মামুন মাহবুব। তিনি বলেন, ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ি শুধু শেখ হাসিনা-র বাবার বাড়ি নয়, এটি সবার সম্পদ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান।

তার মতে, ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে কারা নির্দেশ দিয়েছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, এটি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্মারক।

এ প্রসঙ্গে তিনি দাবি করেন, ওই ঘটনার পরপরই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তান পার্লামেন্ট বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
− 8 = 2