Monday, November 9

সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেছেন, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিয়ে দেওয়া তার বক্তব্য ‘স্লিপ অব টাং’ ছিল।

শনিবার (১৪ মার্চ) বিকেলে শিবচর উপজেলা-এর বাহাদুরপুর এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

হানজালা বলেন, “গতকাল আমি আমার একটি বক্তব্যে বলেছি, বিএনপি এ দেশে থাকতে পারবে না—এটা স্লিপ অব টাং হতে পারে। কারণ তখন আমার মাথায় ছিল একটা, আর মুখ থেকে বের হয়েছে আরেকটা।”

তিনি দাবি করেন, তার বক্তব্যের লক্ষ্য ছিল শিবচরে বিএনপির নাম ভাঙিয়ে যারা উচ্ছৃঙ্খলতা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত—তাদের উদ্দেশ্য করে বলা। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন, পরিবহনে চাঁদাবাজি বা মাদক ব্যবসার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এ ধরনের কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই অনুমোদন করবেন না।”

সাইদ উদ্দিন আহমেদ হানজালা জানান, নির্বাচিত হওয়ার পর থেকে শিবচরে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দেননি এবং বিএনপিসহ সব দলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আমি শান্তির রাজনীতি চাই, প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি নয়।”

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।” পরে এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

Leave A Reply


Math Captcha
− 2 = 4