Monday, November 9

পিচঢালা সড়কের ঢালজুড়ে এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য কাচের টুকরা। ভাঙাচোরা গাড়ির অংশের সঙ্গে পড়ে আছে কয়েকটি জুতা-স্যান্ডেল। এর মধ্যেই পড়ে আছে ছোট্ট একটি শিশুর মুখে দেওয়ার চুষনি—যা যেন মুহূর্তেই মনে করিয়ে দেয় ভয়াবহ সেই দুর্ঘটনার কথা।

শুক্রবার বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় গিয়ে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। মাত্র এক দিন আগে বৃহস্পতিবার সেখানে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে ১৪টি প্রাণ। নিহতদের মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন।

দুর্ঘটনায় নিজের পরিবারকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল আলম জনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রী, সন্তান, ভাই-বোন সবাইকে হারালাম। আমি একা হয়ে গেলাম।” আশরাফুল আলম জনি দুর্ঘটনায় নিহত মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বড় ছেলে। এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল এবং তিন সন্তান আলিফ, আরফা ও ইরাম নিহত হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, তাঁর ছেলে বর আহাদুর রহমান সাব্বির, সাব্বিরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ছেলে আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল ও তাঁদের সন্তানরা। এছাড়া মাইক্রোবাসের চালক মো. নাঈম শেখও নিহত হয়েছেন। তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগেরবুনিয়া গ্রামে।

অন্যদিকে কনেপক্ষের নিহতদের মধ্যে রয়েছেন নববধূ মার্জিয়া আক্তার মিতু, তাঁর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ারা বেগম। তাদের বাড়ি খুলনার কয়রা ও দাকোপ উপজেলায়।

শুক্রবার জুমার নামাজের পর মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে একই পরিবারের ৯ সদস্যকে দাফন করা হয়। জানাজা ও দাফনে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই সাজ্জাদ সরদার জানান, তাঁদের পরিবারের বেড়ে ওঠা মোংলায় হলেও গ্রামের বাড়ি খুলনার কয়রায়। রাজ্জাক তাঁর মেয়ের বিয়ে এবং ছেলের বিয়েও কয়রায় দিয়েছিলেন।

পরিবারের ৯ সদস্যের দাফনের জন্য আশপাশের ৯টি মসজিদ থেকে খাটিয়া আনা হয়। মোংলা কবরস্থানের খাদেম মুজিবুর ফকির বলেন, “পরিবারের সম্মতিতে একই জায়গায় ৯টি কবর প্রস্তুত করা হয়েছে। সেখানেই তাদের দাফন করা হয়েছে।” তিনি আরও বলেন, “১৭ বছর ধরে কবরস্থানের দায়িত্ব পালন করছি। কখনো একসঙ্গে একই পরিবারের এত সদস্যের কবর খুঁড়িনি। ঘটনাটা খুবই হৃদয়বিদারক।”

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাকের পাঁচ ছেলে ও এক মেয়ে ছিল। দুর্ঘটনায় তাঁর দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ এবং চার নাতি-নাতনি নিহত হয়েছে। এখন শুধু তাঁর স্ত্রী ও তিন ছেলে বেঁচে আছেন।

মোংলা পৌরসভার বাসিন্দা আলী আজম বলেন, খুলনা-মোংলা সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি মহাসড়ক। প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করলেও দীর্ঘদিনেও সড়কটি চার লেনে উন্নীত করা হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং যানজট লেগে থাকে। তিনি সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের আওতায় নিহত প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে নিহত মাইক্রোবাস চালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলা পৌরসভার শেলাবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বিকেলে বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে খুলনায় একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন নববধূ মার্জিয়া মিতু, তাঁর বোন লামিয়া, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ারা বেগম। নাকশা গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়, আর আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয় দাকোপে।

Leave A Reply


Math Captcha
97 − 90 =