Monday, November 9

ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বিতরণ করা পাঠ্যবই ছাপাকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট সরকারের কাছ থেকে প্রতি বছর শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে শুধু বই ছাপার কাজেই সিন্ডিকেট করে ৬৫৮ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ৬৬৫ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম নিয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থার বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতীয় প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক মুদ্রণ না করার সিদ্ধান্ত নেওয়া হলে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট গড়ে তোলে। তারা টেন্ডারের প্রাক্কলিত মূল্য আগেই ফাঁস করে নিজেদের মধ্যে বইয়ের লট ভাগাভাগি করে নেয় এবং অতিরিক্ত ২০ থেকে ২৫ শতাংশ বেশি দরে দরপত্র জমা দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়।

জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২টি বই মুদ্রণ করেছে সরকার। এতে ব্যয় হয়েছে ২ হাজার ৭৬২ কোটি ৮ লাখ ৯১ হাজার ১৪৪ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এনসিটিবির পাঠ্যবই মুদ্রণের দরপত্রে সিন্ডিকেট ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সিন্ডিকেটে নেতৃত্ব দিচ্ছে কর্ণফুলী আর্ট প্রেস, লেটার এন কালার, অ্যাপেক্স প্রিন্টিং অ্যান্ড কালার, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, অগ্রণী প্রিন্টিং প্রেস, আনন্দ প্রিন্টার্স লিমিটেড, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সীমান্ত প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন, প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স এবং ব্রাইট প্রিন্টিং প্রেস।

সূত্র জানায়, এনসিটিবির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধা নিয়ে টেন্ডারের প্রাক্কলিত দর প্রেস মালিকদের কাছে ফাঁস করে দেন। পরে বড় বড় প্রেস মালিকদের মধ্যে গোপন বৈঠকের মাধ্যমে পছন্দের লট ভাগাভাগি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্সের মহসিন, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংয়ের দুলাল সরকার, আনন্দ প্রিন্টার্সের রাব্বানী জব্বার, অগ্রণী প্রিন্টিং প্রেসের রুবেল এবং কর্ণফুলী আর্ট প্রেসের রবিন ও কাজল গোপন বৈঠকের মাধ্যমে দরপত্র সমন্বয় করেন। এসব বৈঠক সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংয়ের মালিক দুলাল সরকারের অফিসে অনুষ্ঠিত হয় বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে বর্তমানে ১১৯টি নিবন্ধিত পেপার মিল থাকলেও এনসিটিবির নির্ধারিত মান অনুযায়ী কাগজ সরবরাহের সক্ষমতা রয়েছে বসুন্ধরা, মেঘনা, আম্বার সুপার, পারটেক্সসহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের। অনেক মিল কম মানের কাগজ সরবরাহ করে থাকে।

এছাড়া কিছু ছাপাখানা ও কাগজ ব্যবসায়ী মিলে কৃত্রিম সংকট তৈরি করে কাগজের দাম বাড়িয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন পেপার মিলের সঙ্গে অগ্রিম চুক্তি করে অধিকাংশ কাগজ কিনে গুদামে মজুত রেখে বাজারে সংকট সৃষ্টি করে।

প্রতিবেদনে কাগজ সিন্ডিকেটের সঙ্গে মিন্টু মোল্লা, শেখ সিরাজ, দুলাল সরকার, ওমর ফারুক, মহসিন, রুবেল, রবিন, রাব্বানী জব্বার ও দেওয়ান কবিরসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লেটার এন কালার লিমিটেডের নির্বাহী রাশেদ হোসাইন। তিনি বলেন, “পাঠ্যবই ছাপার টেন্ডার কার্যক্রম আমি নিজেই সম্পন্ন করি। এখানে কোনো সিন্ডিকেট বা দরপত্র নিয়ে আলোচনা করা হয় না।”

অন্যদিকে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী মামুন হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave A Reply


Math Captcha
85 + = 90