বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতিকে চিরঅম্লান রাখতে বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে উদ্বোধন করা হয়েছে ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’। মঙ্গলবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়।

‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’-এর প্রতিটি স্তম্ভ সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প–কৃষি–নদী–বন–বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
“আগ্রাসন বিরোধী আট স্তম্ভের অবয়বের চেয়ে এর লিখিত বার্তাগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই এ বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের সময়ে বিপুল অর্থ ব্যয়ে নানা প্রকল্প নির্মিত হলেও এখন ফ্যাসিবাদবিরোধী উদ্যোগ নিলে রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়।”
জানা গেছে, স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন,
“আবরার ফাহাদের স্মৃতি ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ নেবে।”

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন,
“আবরার ফাহাদ শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনা ও আদর্শ। ২০১৯ সালে তিনি যে বীজ বপন করেছিলেন, সেটি আজ মহীরুহে পরিণত হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, শহীদ আবরারের পিতা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ প্রমুখ।

Leave A Reply


Math Captcha
22 + = 28