Monday, November 9

নেশার টাকার জন্য শ্বশুরের বাড়ি থেকে স্বর্ণালংকার লুট করার অভিযোগে পুলিশ ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্য বাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)-কে আটক করেছে। রবিবার (৮ মার্চ) রাতের দিকে নেত্রকোনার মদন পৌরসভার শ্যামলী রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বরুণ চন্দ্রের ছেলে তরুণ চন্দ্র কর্মকারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের দুই মাস পর তরুণ তার স্ত্রী ও বাবাকে নিয়ে মদনে শ্বশুরালয়ে আসেন। কিছুদিন পর শ্যামলী রোডে অনু মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

তরুণের বাবা বরুণ মদন পৌরসভার মাতৃ জুয়েলার্স নামক একটি জুয়েলার্সে কাজ করেন। পুলিশ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাসা থেকে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

রবিবার রাতে পুনরায় নেশার টাকার জন্য স্বর্ণালংকার আনতে গেলে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। বাবা-ছেলে উভয়ই স্বর্ণালংকার নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

বরুণ চন্দ্র কর্মকার বলেন, “টাকার চাপ ছিল। তাই স্বর্ণালংকার নিয়ে বিক্রি করেছি। এটা করা আমাদের ঠিক হয়নি।”
তরুণ চন্দ্র কর্মকার বলেন, “আমি আগে নেশা করতাম, কিন্তু এখন আর করি না। এটা করা আমাদের ঠিক হয়নি।”

অমূল্য চন্দ্র দাস অভিযোগ করেন, “আমার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ের পর মেয়ের অলঙ্কার সব বিক্রি করে দিয়েছে। এবার আবার নেশার টাকার জন্য বাপ-বেটা মিলে আমার ঘরের স্বর্ণালংকার লুট করে নিয়ে বিক্রি করেছে।”

মদন থানার ওসি হাসনাত জামান জানান, বাবা-ছেলেকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Reply


Math Captcha
63 + = 70