Monday, November 9

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে নারী প্রধান পরিবারের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০টায় তিনি অনুষ্ঠানে প্রবেশ করে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যসহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নিজ হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বেগম পারভিন, বেগম বাসুনা, বেগম সমলা, বকুলা বেগম, বেগম জোসনা, তাসলিমা আক্তার, বেগম রাশেদা আক্তার, বেগম হোসনা আক্তার, রীনা বেগম, বেগম শামসুন্নাহার, রোকসানা আক্তার, মারফুজা, রীনা আক্তার, সুমি খাতুন, আকলিমা বেগম ও মিনারা বেগম। পরে সাততলা বস্তি ও ভাষানটেক বস্তির দুই উপকারভোগী রীনা বেগম ও রাশেদা অনুভূতি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এরপর প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করে একযোগে দেশের ১৩টি জেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

সচিবালয়ে সোমবার (৯ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিক নিয়ম অনুযায়ী, সাধারণত ৫ জন সদস্যের জন্য ১টি কার্ড দেওয়া হবে। বড় বা যৌথ পরিবারের ক্ষেত্রে আনুপাতিক হারে কার্ড সংখ্যা বাড়ানো হয়েছে। উপকারভোগীরা মাসিক ২,৫০০ টাকা নগদ সহায়তা পাবেন; পরবর্তী সময়ে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

পাইলটিং পর্যায়ে সারাদেশে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষা, আবাসন ও জীবনযাত্রার মান যাচাই করে তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। স্বয়ংক্রিয় ‘প্রক্সি মিনস টেস্ট’ সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্যের সূচক নির্ধারণ করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ডাবল ডিপিং, সরকারি চাকরি বা পেনশনভোগীদের বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতার জন্য মনোনীত করা হয়েছে।

ফ্যামিলি কার্ডগুলো আধুনিক ও নিরাপদ প্রযুক্তি সম্বলিত—স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও NFC প্রযুক্তি ব্যবহার করে জি-টু-পি (G2P) পদ্ধতিতে ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর ব্যাংক বা মোবাইল ওয়ালেটে যাবে।

স্বচ্ছতা বজায় রাখতে কিছু কঠোর নীতিমালা রাখা হয়েছে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত, এমপিওভুক্ত শিক্ষক বা ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ও বিলাসবহুল সম্পদ থাকা পরিবার সুবিধার আওতায় থাকবেন না।

চলতি বছরের জুন পর্যন্ত পাইলটিং প্রকল্পের জন্য ৩৮.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৬৬.০৬ শতাংশ অর্থ নগদ সহায়তা হিসেবে বিতরণ হবে এবং বাকি অংশ কার্ড তৈরি ও সিস্টেম উন্নয়নে ব্যয় হবে।

সরকারের এই উদ্যোগ দেশের প্রান্তিক নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 3