ফরিদগঞ্জে হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে ‘নাকে খত’ দেওয়ানোর অপমান সহ্য করতে না পেরে মো. মাসুম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. নয়ন পাটওয়ারীর দুটি চীনা হাঁস ও একটি দেশি হাঁস গত শুক্রবার রাতে চুরি হয়। পরদিন পরিবারের লোকজন জানতে পারেন, মাসুম ওই হাঁসগুলো বিক্রি করেছেন। ঘটনার পর রবিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। সালিশে মাসুমকে অভিযুক্ত করা হয়, পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ‘নাকে খত’ দেওয়ানো হয়।
পরিবারের দাবি, অপমান ও মানসিক ভাঙনের কারণে মাসুম সন্ধ্যায় ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাঁর বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, সালিশ ও নয়ন পাটওয়ারীর পক্ষ থেকে তার ছেলেকে মারধর করা হয়েছে এবং একতরফা ফাঁসানো হয়েছে।
হাঁসের মালিক নয়ন পাটওয়ারী দাবি করেছেন, ঘটনার বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিচার করেছেন এবং তিনি সেই রায়ে সন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ সত্য নয়।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক মো. হেলালউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

