Monday, November 9

ভারতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তার পরিবার দ্রুততম সময়ের মধ্যে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার বোন মাছুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেন এ দাবি জানান।

তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা নিরপেক্ষভাবে উদঘাটন করতে হবে এবং জড়িত কেউ যেন পার পেয়ে না যায়, সেজন্য প্রচলিত আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

ওসমান হাদির বোন মাছুমা হাদি বলেন, তাদের বিশ্বাস ছিল হাদির হত্যাকারীরা গ্রেপ্তার হবেই। এখন দ্রুত তাদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা দেশবাসীর সামনে প্রকাশ করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে থাকা বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। খুনিদের গ্রেপ্তার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, হাদি যেমন ন্যায় ও ইনসাফ চেয়েছিল, তার পরিবারও তেমনি সঠিক বিচার প্রত্যাশা করে।

হাদির ভগ্নিপতি আমির হোসেন বলেন, হাদি শুধু পরিবারের নয়, জাতির সম্পদ ছিল। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার দৃষ্টান্তমূলক হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রতিবাদী কণ্ঠ দমনের সাহস না পায়।

স্থানীয় বাসিন্দারাও একই দাবি জানিয়েছেন। প্রতিবেশী তৌহিদ আলম মান্না বলেন, হাদি মৃত্যুর আগেও বলেছিল তাকে হত্যা করা হলেও যেন খুনিদের বিচার করা হয়। অন্য প্রতিবেশী অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও স্থানীয় বাসিন্দা সাইদুল কবির রানা বলেন, খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক এবং তারা যেন কঠোর শাস্তি পায়।

Leave A Reply


Math Captcha
9 + 1 =