Monday, November 9

বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এবারের প্রতিপাদ্য—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল পাওয়া সম্ভব নয়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার অবদানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরে খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে এটিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করে।

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে এবং শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনাকে কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, পরিকল্পিতভাবে জাকাত বিতরণ করা হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দারিদ্র্য দূরীকরণে বড় ভূমিকা রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি এতিমদের প্রতি দায়িত্ব পালন করেন, তবে তারা আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে এগিয়ে যেতে পারবে।

এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ছুটির দিনেও টানা তৃতীয় শনিবার কার্যালয়ে কাজ করেছেন তারেক রহমান। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে তিনি বিভিন্ন বৈঠকে অংশ নেন এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুৎ-জ্বালানি খাতের ব্যয় কমানোর বিষয়ে আলোচনা করেন।

Leave A Reply


Math Captcha
8 + = 12