Monday, November 9

ঢাকা সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে মীমাংসিত ইস্যু উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এ বিষয়ে সবাই সম্মতি দিয়েছেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “এটি মীমাংসিত ইস্যু। এটাতে সবাই সম্মতি দিয়েছে।”

তিনি আরও বলেন, “যে বিষয়গুলো মীমাংসিত এবং সম্মতি দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। আমি এবং শিক্ষামন্ত্রী এনামুল হক মিলন বারবার বলেছি, শিক্ষাঙ্গন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

প্রতিমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন আনবে। “আমরা সুন্দর পরিকল্পনা করে লং টার্মে সব পরিবর্তন নিয়ে আসব। যদি কোথাও দীর্ঘমেয়াদে উন্নতির জন্য পরিবর্তন প্রয়োজন হয়, তা বিবেচনা করে করা হবে। কিন্তু হঠাৎ করে কোনো কিছুতে হাত দেওয়া হবে না।”

তিনি শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা ও পরিকল্পিত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

Leave A Reply


Math Captcha
7 + 2 =