দেশে পণ্য ও যাত্রী পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। এ লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি সরাসরি ফৌজদারি মামলাও করা হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার দেশের সব রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন আইজিপি। বৈঠকে অনলাইনে যুক্ত থাকবেন এসপিরা। এতে সারা দেশের চাঁদাবাজির বর্তমান পরিস্থিতি এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হবে।
পণ্যবাহী ট্রাকচালক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের কঠোর অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে চাঁদার হার কমেছে। বিশেষ করে সবজি পরিবহনকারী ট্রাকের ক্ষেত্রে আগে যেখানে গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো, বর্তমানে তা কমে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকায় নেমেছে। তবে পশুবাহী ট্রাকে এখনো চাঁদাবাজি অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী প্রতিটি গরুভর্তি ট্রাক থেকে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, এই অতিরিক্ত চাঁদার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর পড়ছে। চাঁদাবাজির কারণে বাজারে সবজি, মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
মহাসড়কে চাঁদাবাজির পাশাপাশি ছিনতাই ও যানবাহনের যন্ত্রাংশ চুরির ঘটনাও বেড়েছে। চালক ও সহকারীরা অভিযোগ করেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে মদনপুর পর্যন্ত ভোরের দিকে তীব্র যানজটের সুযোগ নিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র সক্রিয় হয়ে ওঠে। তারা চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অনেক ক্ষেত্রে ট্রাকের ব্যাটারিও খুলে নিয়ে যায়। পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় চালকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নীতিনির্ধারণী সভায় আইজিপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। কোনো এলাকায় নিয়মিত চাঁদাবাজি চললে এবং স্থানীয় থানা বা হাইওয়ে পুলিশ তা বন্ধ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসি ও সার্কেল এসপিকে দায়বদ্ধ করা হবে। এ ছাড়া পুলিশের গোয়েন্দা সংস্থাকে মাঠ পর্যায়ের সদস্যদের কর্মকাণ্ডের ওপর গোপন নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা জানিয়েছেন, চাঁদাবাজি রোধে হাইওয়ে পুলিশে আরও ৭০০ নতুন সদস্য যুক্ত হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও পাহারা বাড়ানো সম্ভব হবে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং সাদা পোশাকে নজরদারিও বাড়ানো হয়েছে।
এদিকে, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. হাসানুল কবীর চাঁদাবাজি ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যানজটে আটকে থাকা অবস্থায় ট্রাকচালকদের যেভাবে হেনস্তা করা হচ্ছে এবং ট্রাকের ব্যাটারি চুরি হচ্ছে, তা বন্ধে জরুরি ব্যবস্থা প্রয়োজন।

