রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল অনেক সময় কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং হয়ে ওঠে কৌশল, সম্পর্ক ও বার্তার সূক্ষ্ম বিনিময়ের ক্ষেত্র। এমন এক আয়োজনে নিজের উপস্থিতি ও বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে তিনি মুসাফাহ করার চেষ্টা করেছেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, জামায়াতের আমীরকে তিনি দোয়া করার অনুরোধ জানালে তিনি বলেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।” এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।” জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির নেতা মঈন খান তার খোঁজখবর নিয়ে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ করলে তিনি বলেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় পারস্পরিক হাস্যরসপূর্ণ কথোপকথনও হয়। পুরো আয়োজনকে তিনি রাজনৈতিক সৌহার্দ্য, যোগাযোগ ও বার্তা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

