পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে এক দাদিকে হত্যা করে তার নাতনিকে অপহরণ করে ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খারের মা সুফিয়া খাতুন (৬৫) এবং মেয়ে জামিলা আক্তার (১৫)। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, মধ্যরাতে হঠাৎ কান্নার আওয়াজে রাস্তায় বের হন তারা। কান্না থেমে গেলে সবাই বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলার মরদেহ পরে বিবস্ত্র অবস্থায় একটি সরিষার ক্ষেতে উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়ের বাবা ঢাকায় ছিলেন।
নিকট আত্মীয় সোহেল রানা জানিয়েছেন, মেয়েকে ধর্ষণ করতে এসে দাদিকে হত্যা করা হয়েছে। এরপর মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ তদন্তে জোর দিয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

