ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আবু তাহেরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।
লাশ উদ্ধারের পরপরই অভিযান
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার একদিন পর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় রাতেই নিহত শিশুর বাবা নজরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রতিবেশী যুবককে সন্দেহ, পরে গ্রেপ্তার
প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী যুবক আবু তাহেরকে শনাক্ত করে পুলিশ। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে কুষ্টিয়া পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর পাড় এবং একটি পানবরজ থেকে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করা হয়। এছাড়া নদীর ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লুঙ্গিও উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, “ক্লুলেস এই মামলার প্রকৃত আসামিকে ২৪ ঘণ্টার আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।”
ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় হত্যা
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে। পরে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।
এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় শত শত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

